খুলনা অফিস
খুলনার পুরনো জেলা কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছেন ইমন মাঝি (৩০) নামে এক হাজতি।
বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি পালিয়ে যান। নগরীর সোনাডাঙ্গা মডেল থানার একটি চুরি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৩ জুন থেকে তিনি খুলনা কারাগারে ছিলেন।
পালিয়ে যাওয়া আসামি ইমন নগরীর লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা মোড়ের জিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল মাঝির ছেলে।
আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা কারাগারের সুপার মো. আবু ছায়েম। ইতিমধ্যে পালিয়ে যাওয়া আসামি ইমন মাঝিকে গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীর সহযোগিতা চেয়েছেন জেলা কারাগার কর্তৃপক্ষ।
জেলা কারাগার কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নগরীর আইনজীবী সমিতি ভবন-সংলগ্ন পুরনো জেলা কারাগারের পূর্ব দিকের দেয়াল টপকে আইনজীবী সমিতির দিক থেকে পালিয়ে যায় আসামি। বিষয়টি কারাগারের সিসি ফুটেজে ধরা পড়েছে।
কারাগারের সুপার আবু ছায়েম বলেন, সিসি ফুটেজের চিত্রে তাকে কোনও কিছুর সহযোগিতা ছাড়াই লাফিয়ে লাফিয়ে দেয়াল টপকে পালিয়ে যেতে দেখা যায়। তবে তাকে আটকের জন্য ইতিমধ্যেই সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।
এছাড়া এ ঘটনার পর থেকে কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।