ঝিনাইদহ প্রতিনিধি
আট বছরের মেয়েশিশুকে যৌন হয়রানির অভিযোগে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায় লিটন বিশ্বাস (৫৫) নামে এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ভুটিয়ারগাতি বিশ্বাসপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে ওই দোকানি এক শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে যৌন হয়রানি করেন।
শিশুটি বাড়ি গিয়ে বিষয়টি জানালে পরিবারের লোকজন ও স্থানীয়রা একযোগে ওই দোকানিকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
এর আগেও লিটনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, শিশুটিকে যৌন হয়রানির অভিযোগে লিটন বিশ্বাসকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।