অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে মাদক সেবনের পর জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একইসঙ্গে প্রত্যেককে পাঁচশ’ টাকা করে জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার রাজঘাট গ্রামের জয়নাল আবেদিন মোল্যার ছেলে রজিবুল ইসলাম (৪৬), গাজীপুর গ্রামের কালাম সরদারের ছেলে সেলিম (৪০) ও নওয়াপাড়া গ্রামের আশরাফ মোল্যার ছেলে দুলাল মোল্যা (২৮)।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, মাদক সেবনের পর জনসমক্ষে বিশৃঙ্খলা করছে এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় রজিবুল ইসলামকে তিনদিনের, সেলিম ও দুলাল মোল্যাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচশ’ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসুু বিষয়টি নিশ্চিত করেছেন।