স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ১৬২ নম্বর আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জোরপূর্বক দখলের প্রতিবাদ করায় প্রধান শিক্ষক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিকার ও প্রয়োজনীয় ব্যবস্থা চেয়ে উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী।
অভিযোগে বলা হয়েছে, গত ১০ জুলাই প্রধান শিক্ষকের বাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হলে তার ছেলে বিদ্যালয়ের জমির ওপর দিয়ে একটি সরু নালা কেটে পানি নিষ্কাশনের চেষ্টা করেন। এর জেরে ১২ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় কয়েকজন মুস্তাসিম বিল্লাহ সুমনের ওপর হামলা চালায়।
ছেলেকে রক্ষা করতে গেলে প্রধান শিক্ষক হযরত আলী ও তার বোন ইয়াসমিন আক্তারকেও মারধর ও লাঞ্ছিত করা হয়।
বিদ্যালয় সূত্র জানায়, প্রায় ৪০ বছর আগে চার দাতার কাছ থেকে দালিলিকভাবে ৮৩ শতাংশ জমি নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯০ সালের বিএস রেকর্ডেও জমিটি বিদ্যালয়ের নামে অন্তর্ভুক্ত রয়েছে।
অভিযোগ অনুযায়ী, দাতা অমেদালী বিশ্বাসের ওয়ারিশরা আন্দুলিয়া মৌজার ২ নম্বর খতিয়ান ও ৮ নম্বর দাগের ২৩ শতাংশ জমি বেআইনিভাবে দখলে নিয়েছেন।
হামলা ও জমি দখলের ঘটনায় জাকির হোসেন, আজিজুর রহমান, রেজাউল ইসলাম, কামরুল ইসলাম, আব্দুল ওয়াদুদ ও আব্দুল হাইকে অভিযুক্ত করা হয়েছে।
ঘটনার পর নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির টুআইসি এএসআই সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।