কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১ এস-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত আট ব্যক্তিকে নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। ওই দলে দুইজন পুরুষ, চারজন নারী এবং দুইজন তৃতীয় লিঙ্গের সদস্য ছিলেন।
বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে তীব্র বাধা সৃষ্টি করে। পরবর্তীতে বিজিবি ও স্থানীয় অধিবাসীদের দৃঢ় অবস্থানের মুখে তারা নদীপথেই ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের অপচেষ্টা প্রতিরোধে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।