স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর ইনস্টিটিউটের সহ-সভাপতি, কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিমের সহধর্মিণী ফিরোজা জামান মিনি (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় যশোর উপশহরের এ ব্লকের নিজ বাসভবনে রাত তিনটার দিকে তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। এসময় পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ফিরোজা জামানের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে যশোরের সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সংবাদ পাওয়ার পরপরই বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার বাসভবনে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাদ আছর এ ব্লকের শিশু পার্কে ফিরোজা জামান মিনির জানাজা অনুষ্ঠিত হয়। মুফতি মো. হাসান উদ্দীন জানাজা পরিচালনা করেন।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কবি কাসেদুজ্জামান সেলিম ও চেম্বার অব কর্মাসের সভাপতি মিজানুর রহমান খান।
জানাজায় জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক মেয়র মারুফুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, সুবর্ণভূমির সম্পাদক ও প্রকাশক এজাজ উদ্দিন টিপু, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক স্বপন, সাবেক সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়ীরা অংশ নেন। বাদ এশা উপশহর কবরস্থানে তাকে দাফন করা হয়।
মায়ের লাশ রেখে পরীক্ষা
কাসেদুজ্জামান সেলিম ও ফিরোজা জামান মিনির ছোট ছেলে ইশরাক যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসির দিচ্ছে।
সোমবার তার পরীক্ষা ছিল। মায়ের লাশ বাড়িতে রেখে সে পরীক্ষা দিতে যায়। পরীক্ষাশেষে ফিরে সে মায়ের জানাজায় অংশ নেয়।
২০২১ সালের ১৭ এপ্রিল সেলিম-মিনির বড় ছেলে ঐশিক কক্সবাজারের সমুদ্রে ডুবে প্রাণ হারান।