চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে ওষুধ, সার, গ্যাস ও বীজের দোকানে তদারকি করা হয়।
চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, অভিযানকালে লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রির দায়ে মো. মফিজ উদ্দীনের মেসার্স তিতাস সাইকেল স্টোরকে দুই হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষধ বিক্রি ও 'ডা.' পদবি ব্যবহার করায় আশরাফুল আলমের মেসার্স সামিরন ফার্মেসিকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির দায়ে রবিউল হকের মেসার্স রবিউল বীজ ভান্ডারকে তিন হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে হুমায়ুন কবিরের মেসার্স বিসমিল্লাহ হোমিও ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোহাম্মদ মামুনুল হাসান আরো বলেন, ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশু খাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি, চুয়াডাঙ্গার প্রতিনিধি, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।