যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেসক্লাব কমিটির বর্ধিত মেয়াদ মানবে না সাংবাদিক ইউনিয়ন যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ০৫:৪৯ পিএম
প্রেসক্লাব কমিটির বর্ধিত মেয়াদ মানবে না সাংবাদিক ইউনিয়ন যশোর

প্রেসক্লাব যশোরের নির্বাচন, সংগঠনটিতে নতুন সদস্যপদ দেওয়াসহ বিভিন্ন ইস্যুতে বিবৃতি দিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)।

বিবৃতিতে সংগঠনটির সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ উল্লেখ করেছেন, গত মঙ্গলবার অনুষ্ঠিত জেইউজের বিশেষ জরুরি সভায় সর্বসম্মতভাবে গৃহীত সিদ্ধান্তের আলোকে এই বিবৃতি দেওয়া হয়। মঙ্গলবারের সভায় সংগঠনটির প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়, প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটি নির্ধারিত সময়ের চেয়ে কয়েক মাস বেশি দায়িত্ব পালনের যে একতরফা সিদ্ধান্ত নিয়েছে, তা প্রত্যাখ্যান করছে সাংবাদিক ইউনিয়ন যশোর। ক্লাবের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয় দুই বছরের জন্য। অনিবার্য কারণে তা বর্ধিত করার গঠনতান্ত্রিক সুযোগ আছে। কিন্তু এখন দেশ, যশোর বা প্রেসক্লাবে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে, প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটি তাদের ক্ষমতার মেয়াদ বর্ধিত করতে পারে। জেইউজে মনে করে, আগামী ৬ আগস্ট পর্যন্ত প্রেসক্লাবের বর্তমান কমিটি বৈধ। এরপর কমিটি বহাল রেখে যদি কোনো কার্যক্রম পরিচালনা করা হয়, তাহলে তা অবৈধ বলে গণ্য হবে।

জেইউজে মনে করে, ফ্যাসিস্ট রেজিমের কট্টর সমর্থক ক্লাবের কতিপয় কর্মকর্তার অতিউৎসাহে মেয়াদপূর্তির মাত্র তিন দিন আগে আগামী ৩ আগস্ট যে বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে, তা কমিটির মেয়াদ বাড়ানোর অপকৌশলেরই অংশ। সাংবাদিক ইউনিয়ন যশোর ওই বিশেষ সাধারণ সভা বয়কট করবে। জেইউজের কোনো সদস্য ওই সভায় যোগ দেবেন না। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণকারী পেশাজীবী সংবাদকর্মীদের প্রধান সংগঠনকে বাইরে রেখে ওই সভা আয়োজনের তৎপরতা থেকে প্রেসক্লাব নেতৃত্ব সরে আসবেন বলে সভা থেকে আশা প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, যেহেতু প্রেসক্লাবের বর্তমান কমিটি ইচ্ছাকৃতভাবে গড়িমসি করে নির্ধারিত সময়ে নির্বাচনের আয়োজন করেনি, তাই ৬ আগস্টের পর ক্লাবের ভাগ্য নির্ধারণ করবেন সাধারণ সদস্যরা। নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার দাবিতে ভিন্ন একটি প্লাটফর্ম যে আন্দোলন করছে, তাকে যৌক্তিক হিসেবে মনে করে জেইউজে।

এছাড়া সাংবাদিক ইউনিয়ন যশোর হাতে যথেষ্ট সময় রেখে যোগ্য সংবাদকর্মীদের প্রেসক্লাবের সদস্যপদ প্রদানের জন্য স্মারকলিপি প্রদান করেছিল। কিন্তু প্রেসক্লাব কর্তৃপক্ষ তা আমলে নেওয়ার ভান করে গড়িমসির মাধ্যমে সময়ক্ষেপণ করেছেন, যা নিন্দনীয়। একইসাথে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর যাদের ওপরই প্রেসক্লাব পরিচালনার দায়িত্ব পড়ুক না কেন, তারা যেন যোগ্য সংবাদকর্মীদের সদস্য প্রদান নিশ্চিত করে নির্বাচন আয়োজন করেন, বিবৃতিতে সেই দাবিও করা হয়।

বিবৃতিতে বলা হয়, দেশে এখন একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা বিরাজমান। ফ্যাসিবাদী রেজিমের পতন ঘটেছে দুই বছর আগে। ফলে প্রেসক্লাব নেতৃত্ব যদি এখনও মনে করেন যে, নিয়ম-নীতির তোয়াক্কা না করে সংগঠন পরিচালনা করা যাবে, তাহলে তা হবে মারাত্মক ভুল। এমনটি হলে সাংবাদিক ইউনিয়ন যশোর যথাযথ পদক্ষেপ নেবে এবং সম্ভাব্য পরিস্থিতির দায়ভার প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটিকেই বহন করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সদস্য বেনজীন খান, আহসান কবীর, নূর ইসলাম, সরোয়ার হোসেন, তৌহিদ জামান, সাইফুর রহমান সাইফ, শেখ আব্দুল্লাহ হুসাইন, এসএম সোহেল প্রমুখ।

সংগঠনের দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম এই বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)