মেহেরপুর প্রতিনিধি
২৫০ শয্যা মেহেরপুর সদর হাসপাতালে দুর্নীতি, রোগীদের দুর্ভোগ ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ, মেহেরপুর। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে হাসপাতাল চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মেহেরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন দেশীয় সাংস্কৃতিক সংসদের পরিচালক ইব্রাহিম হিমু, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি আব্দুল আলিম এবং বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির প্রতিনিধি ইব্রাহিম হোসেন।
বক্তারা হাসপাতালের চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরীক্ষা, রোগী ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ তুলে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে ভুক্তভোগী আমঝুপি ইউনিয়নের ময়ামারি গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান অভিযোগ করেন, তিনি চিকিৎসকের পরামর্শে একটি এক্স-রে করানোর জন্য হাসপাতালে আসেন। কিন্তু হাসপাতালের সংশ্লিষ্ট কর্মচারীরা তাকে জানান, সেখানে পরীক্ষা করা সম্ভব নয় এবং বাইরে থেকে করাতে হবে। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশের পর সচেতন নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল হাসপাতালে তত্ত্বাবধায়কের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি হাসপাতালে উপস্থিত ছিলেন না বলে জানানো হয়। নাগরিক সমাজের প্রতিনিধিরা ফোনে তার সাথে কথা বলার চেষ্টা করলে চিকিৎসক ডা. ফজলুর রহমান তাদের সাথে যোগাযোগ করেন।
তবে তত্ত্বাবধায়ক প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন বলে অভিযোগ করা হয়।
সচেতন নাগরিক সমাজের নেতারা বলেন, জনসেবামূলক প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তার এ ধরনের আচরণ দুঃখজনক।