কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’ এর অভিযানে উদ্ধার হওয়া ১০৬টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬৭ হাজার ৪৫৭ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ও টাকা প্রকৃত প্রাপকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযানে কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর থানার দুটি হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার, কোটচাঁদপুর থানার ডাকাতি মামলার তিন আসামিকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। এছাড়াও সদর থানার দস্যুতা মামলার দশ আসামি গ্রেপ্তার ও লুন্ঠিত ইজিবাইক ও মোবাইল উদ্ধার, কালীগঞ্জ থানার দস্যুতা মামলার এক আসামি গ্রেপ্তার এবং সদর থানার দুটি অপহরণ মামলার দুই ভিকটিম উদ্ধারসহ মোট দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ১০৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সাথে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে ভুলবশত চলে যাওয়া ৬৭ হাজার ৪৫৭ টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে।
সাইবার অপরাধ দমনের বিষয়ে জানানো হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক ও স্ন্যাপচ্যাটের মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার ২৮ জন ভিকটিমকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে নিখোঁজ হওয়া দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
মোবাইল ফোন ও টাকা হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, সাইবার অপরাধ প্রতিরোধ এবং জনগণের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও প্রযুক্তি নির্ভরতার সাথে কাজ করে যাচ্ছে। সাইবার বুলিং একটি গুরুতর সামাজিক ও আইনি অপরাধ। নিরাপদ ডিজিটাল পরিবেশ গঠনে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মোসফেকুর রহমান এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।