স্টাফ রিপোর্টার
, যশোর
প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির মেয়াদ বাড়াতে রাজি হননি সাধারণ সদস্যরা। অর্থাৎ বৃহস্পতিবারই কমিটির মেয়াদ শেষ হয়েছে। এরপর শুক্রবার দায়িত্ব গ্রহণ করে আগামী ৪৫ দিন নবগঠিত অ্যাডহক কমিটি প্রেসক্লাব পরিচালনা করবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় অ্যাডহক কমিটি পাস, নতুন সদস্য প্রদানসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান।
সভা শুরুর আগে প্রয়াত সাংবাদিক ও দেশে-বিদেশে ঘটে যাওয়া নানা ঘটনায় প্রতিবাদী নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করেন নির্বাহী সদস্য সাইফুর রহমান সাইফ এবং গীতা পাঠ করেন প্রদীপ কুমার ঘোষ।
সিদ্ধান্ত অনুযায়ী নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে ৪৫ দিনের মধ্যে নতুন সদস্য পদ প্রদান ও নির্বাচন আয়োজন করে কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
সদস্যরা বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্রের কিছু ত্রুটি নিয়ে আলোচনা এবং তা সংশোধন বরার প্রস্তাব, ভোটের মাধ্যমে নতুন নির্বাচিত কমিটি যেন কোনোভাবেই তার মেয়াদ অতিক্রম করতে না পারে, সে ব্যবস্থার দাবি ও সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেন। নির্বাচিত কমিটি তার প্রথম সভায় আগামী নির্বাচনের দিন নির্ধারণ করবে বলেও প্রস্তাব ওঠে।
সভায় আলোচনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি একরাম-উদ-দৌলা, সাবেক সভাপতি ফকির শওকত, সাবেক সহ-সভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক, সিনিয়র সদস্য মবিনুল ইসলাম মবিন, বেনজীন খান, সাবেক সহ-সভাপতি নুর ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, আব্দুল্লাহ হুসাইন, জুয়েল মৃধা, মনোতোষ বসু, কার্যনির্বাহী কমিটির বর্তমান যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, সাবেক দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাবেক কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, এইচআর তুহিন, শিকদার খালিদ, অসীম বোস, এম আইউব, এসএম সোহেল, তহীদ মনি, ফিরোজ গাজী, আকরামুজ্জামান, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সজল, সাকিরুল কবীর রিটন, মনিরুজ্জামান মুনীর, ইন্দ্রজিৎ রায় প্রমুখ।