কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা থানার শিশু সহিংসতা মামলায় একরাম মোল্লা (৭৪) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ৩টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত একরাম মোল্লা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোসাইপাড়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১০ অক্টোবর সকালে ১৪ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণ করে একরাম। ওই প্রতিবন্ধী তার মায়ের কাছে বিষয়টি জানালে তার মা একরাম মোল্লাকে আসামি করে ভেড়ামারায় থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর এজাহারনামীয় আসামি একরাম মোল্লার বিরুদ্ধে অভিযোগ এনে ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম আদালতে চার্জশিট দেন।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, ভেড়ামারা থানার মামলায় জড়িত আসামি একরাম মোল্লার বিরুদ্ধে আনীত অভিযোগে সাক্ষ্য শুনানি শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০হাজার টাকা অর্থদণ্ডাদেশ অনাদায়ে আরও ৬মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।