খুলনা অফিস
খুলনা মহানগরীর হরিণটানা থানায় দায়ের করা সংঘবদ্ধ ডাকাতির মামলায় এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার জিহাদ শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত হুমার সহযোগী।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১টা থেকে দেড়টার মধ্যে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, হরিণটানা থানায় দায়ের করা সংঘবদ্ধ ডাকাতির মামলার তদন্তে তথ্যপ্রযুক্তিগত বিশ্লেষণ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে জিহাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। একই ঘটনায় আগে গ্রেপ্তার হওয়া অন্য আসামিদের সঙ্গে তার যোগাযোগের তথ্যও তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার জিহাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সংঘবদ্ধ ডাকাতির ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।