মাগুরা প্রতিনিধি
সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের পর দুই পক্ষের অন্তত ১৫টি বাড়িঘর ও দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্ডিখালী গ্রামের ইসরাইল মাস্টারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চন্ডিখালী গ্রামের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও একই গ্রামের সাবেক গয়েশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদ মল্লিকের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জেরে সোমবার সন্ধ্যায় সিরাজুল ইসলামের সমর্থক ইমদাদুল (৪০) ও আকুল (৫০) লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফেরার পথে ইসরাইল মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে আসাদ মল্লিকের সমর্থক হাসিব, জিকু, আসাদুল, রহমতসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে ইমদাদুল ও আকুল গুরুতর আহত হন।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে সিরাজুল ইসলামের সমর্থকেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে এসে আসাদ মল্লিকের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আসাদ মল্লিকের সমর্থক সিরাজ (৪০), আলম (৫৫) ও আমিরুল (৫০) আহত হন।
আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের পর উভয়পক্ষের অন্তত ১৫টি বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে সিরাজুল ইসলাম গ্রুপের মন্টু, রাশেদ, সোহেল, ওয়াসিম, মুক্তার, সবুজ ও মিরাজ শেখের দোকান এবং আসাদ মল্লিক গ্রুপের সোহরাব খান, আশরাফ খান, মহিদুল মোল্যা, মীর কাসেম, রফিকুল ইসলাম ও মোজাম্মেলসহ কয়েকজনের বাড়িঘর রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওলি মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।