মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুছি ইমদাদুল রহমান, সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন, উপজেলা জামায়াতের আমির ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নার্গিস সুলতানা দীপা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহেশপুর প্রেসক্লাবের সহসভাপতি ইশারত মণ্ডল, সাধারণ সম্পাদক বাবর আলীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ ও মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের নজরদারি আরও জোরদার করতে হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া সভায় বাল্যবিবাহ, আত্মহত্যা, মাদক ও সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে এসব বিষয়ে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।