অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে জাফর ইকবাল (৩৫) নামে এক ভ্যানচালকের গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মায়ের দাবি, তার ছেলেকে হত্যার পর গলায় রশি পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরিবারের নিরাপত্তা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, মেয়ে ও স্ত্রীর বড় বোনকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান।
নিহত জাফর ইকবাল একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকার মৃত আব্দুল ওহাব সরকারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
জাফর ইকবালের স্ত্রী বিলকিছ বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে রাগ করে তিনি ঘর থেকে বেরিয়ে যান। ওই রাতে আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে ঘরের দরজা খুলে বারান্দার আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় স্বামীর মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জাফর ইকবালের মা সেলিনা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর গলায় রশি পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।’
অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, জাফর ইকবাল নামে এক ভ্যানচালকের গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, পরিবারের নিরাপত্তা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বিলকিছ বেগম (২৫), মেয়ে ফাতেমা খাতুন (১৫) এবং বিলকিছের বড় বোন খাদিজা বেগমকে (৩৫) থানায় নেওয়া হয়েছে।