কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে রুস্তম আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে কেশবপুর নিউজক্লাবের উদ্যোগে স্থানীয় ত্রিমোহিনী মোড় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় প্রায় শতাধিক সাংবাদিক অংশ নেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার মানিক, সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ, রাজিব চৌধুরী ও সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমানসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি রুস্তম আলী কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামানকে জড়িয়ে ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে স্ট্যাটাস দিয়েছেন।
এর প্রতিবাদে এবং রুস্তম আলীকে গ্রেপ্তারের দাবিতে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা রুস্তম আলীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।