স্টাফ রিপোর্টার
, যশোর
ইয়াবা ট্যাবলেটসহ আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন যশোরের একদিনের বিচারিক আদালত। রোববার (৬ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম আলাদা রায়ে এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, যশোর শহরের পূর্ববারান্দিপাড়ার নুর ইসলামের ছেলে রবিউল ইসলাম, একই এলাকার মাসুদ হোসেনের ছেলে আবির হোসেন ও খালধার রোড বরফকল এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আজিজুর ইসলাম। রায় ঘোষণার বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাতে চানপাড়া ক্যাম্পের পুলিশ শহরের ঘোপ আমতলা এলাকার হাফেজি মাদরাসা এলাকা থেকে রবিউল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদনসহ রোববার আদালতে জমা দেন তদন্তকারী কর্মকর্তা। রোববার আটক রবিউলকে আদালতে হাজির করে একদিনের বিচারিক আদালতে সোপর্দ করে পুলিশ। শুনানি শেষে আসামি দোষ স্বীকার করায় বিচারক আসামিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
অপর দিকে চাঁচড়া ফাঁড়ি পুলিশ রোববার বিকেলে শহরের রেলগেট মাইক্রোবাস স্ট্যান্ড থেকে আবির হোসেনকে আটক করে। এসময় তার কাছ থেকে দুই পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদনসহ আসামি আবির হাসানকে আদালতে সোপর্দ করেন তদন্তকারী কর্মকর্তা। বিচারক অভিযোগের শুনানি শেষে আসমি দোষ স্বীকার করায় দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
এছাড়া, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি থানা পুলিশ শহরের খালধার রোড থেকে আজিজুল ইসলামকে আটক ও তার কাছ থেকে এক পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আটক আজিজুলকে আদালতে সোপর্দ করেন। বিচারক তদন্ত প্রতিবেদনের উপর শুনানি শেষে আসামি আজিজুল দোষ স্বীকার করায় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।