রাসেল মাহমুদ
, যশোর
যশোর সদর উপজেলার রূপদিয়া রেলওয়ে স্টেশন আধুনিকায়নের পর দৃষ্টিনন্দন স্থাপনা হিসেবে দর্শনার্থীদের আকৃষ্ট করছে। পরিচ্ছন্ন পরিবেশে প্রতিদিন স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও পরিবার-পরিজন নিয়ে অনেকে সেখানে ঘুরতে আসেন।
বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত স্টেশন চত্বরে বিভিন্ন বয়সী মানুষের ভিড় থাকে।
তবে স্থানীয়দের অভিযোগ, এই জনসমাগমের আড়ালে স্টেশন চত্বরে বাড়ছে বখাটেদের আনাগোনা। বিকেল থেকে রাত পর্যন্ত নারী ও কিশোরীদের হয়রানির অভিযোগও রয়েছে।
পাশাপাশি স্টেশনের নির্জন স্থান ও আশপাশের এলাকায় মাদকসেবীদের আড্ডা গড়ে উঠেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, নিয়মিত প্রশাসনিক টহল ও কার্যকর নজরদারির অভাবে পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। এতে সন্তানদের নিয়ে স্টেশনে আসা অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
রূপদিয়া রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত মাস্টার আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে তৎপর হলে অপরাধীরা সেখানে আস্তানা গড়তে পারবে না।
স্টেশনে জিআরপি বা নিজস্ব নিরাপত্তাবাহিনী না থাকায় এখানে উচ্ছৃঙ্খল ব্যক্তিদের আনাগোনা রয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিশ্বাস বলেন, সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। ইতিমধ্যে কয়েকটি মাদকের স্পট চিহ্নিত করে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। দ্রুত এর সমাধান হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, সামাজিকভাবেও তারা ব্যবস্থা নেবেন।
এলাকাবাসী রূপদিয়া রেলস্টেশন ও আশপাশের এলাকায় নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি বখাটেদের উৎপাত, নারী ও কিশোরীদের হয়রানি এবং মাদকসেবন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।