স্টাফ রিপোর্টার
, যশোর
দুই কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটকের দাবি করেছে যশোর ডিবি পুলিশ।
শনিবার দিবাগত রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাকপুর বাজার এলাকা এবং সদর উপজেলার মন্ডলগাতী এলাকা থেকে তাদের আটকের দাবি করা হয়েছে।
ডিবির এসআই শেখ হাদীউজ্জামান জানিয়েছেন, শনিবার রাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে বারবাকপুর বাজারের একটি গ্যারেজের সামনে অভিযান চালিয়ে ওলিয়ার রহমান (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ঝিকরগাছার পঞ্চনগর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে ডিবির এসআই কামাল হোসেন শনিবার দিবাগত রাত ১২টার দিকে শহরতলীর মন্ডলগাতী এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেন। এরা হলো, বাঘারপাড়ার সহিতাখালি (ষাটখালি) গ্রামের হায়দার মোল্লার ছেলে রাজুর আহমেদ (৩৫) এবং আলাদীপুর গ্রামের চান্নু মোড়লের ছেলে সাগর হোসেন (২৫)। আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।