স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের জেস টাওয়ারের সামনে বৈদ্যুতিক পোলের ওপর উঠে ইন্টারনেটের কাজ করার সময় মই থেকে পড়ে ইমরান হোসেন ইমন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন ইমন খুলনার তুতপাড়া এলাকার আজাহার আলী শেখের ছেলে। তিনি যশোরের মুড়লী মোড়ে অবস্থিত এলিট কমিউনিকেশন নামে একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, জেস টাওয়ারের সামনে বৈদ্যুতিক পোলের ওপর উঠে ইন্টারনেটের কাজ করছিলেন ইমরান। এ সময় অসাবধানতাবশত মই থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে থাকা প্রতিষ্ঠানের অন্য কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল কবির জানান, ইমরানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
কর্মরত অবস্থায় এমন দুর্ঘটনার ঘটনায় কর্মীদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার সঠিক কারণ এবং কাজের সময় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।