কুষ্টিয়া প্রতিনিধি
সংগৃহীত—
ছবি:
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় চায়না রানী বিশ্বাস নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও মোটরসাইকেলচালক বিদ্যুৎ কুমার বিশ্বাস আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শহরের বিআরবি কেবলসের সামনে ফোরলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চায়না রানী বিশ্বাসের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতলাপাড়ায়।
বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, তার স্ত্রী চায়না রানী বিশ্বাস বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাকে চিকিৎসকের কাছে দেখানোর জন্য সকালে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরের উদ্দেশে রওনা হন তিনি। শহরের প্রবেশমুখে বিআরবি কেবলসের সামনে জমি-সংক্রান্ত জটিলতায় ফোরলেন সড়কের এক পাশের কাজ শেষ হয়নি। ফলে অন্যদের মতো বাধ্য হয়ে সড়কের বিপরীত পাশে ঢুকে পড়েন তিনি।
এ সময় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে স্বামী-স্ত্রী দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চায়না বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। পুলিশ ট্রাক ও চালককে শনাক্তে কাজ করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।