পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনার পাইকগাছায় সাবিহা মোস্তফা রথি (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার হাফিজুর রহমানের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সাবিহা মোস্তফা রথি এক সপ্তাহেরও বেশি সময় ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনার বেসরকারি ক্লিনিক হেলথ কেয়ারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্বামী, ১৩ ও ৭ বছর বয়সী দুই পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার বাবা গোলাম মোস্তফা লাল ও মা রহিমা বেগম। তাঁর অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।