বিশেষ অভিযানে পিকআপ ভ্যান জব্দ
স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের মণিরামপুরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে মণিরামপুর উপজেলার ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিরুল ইসলাম কোমলপুর বাজারে এই অভিযান চালান।
আটক ফারুক হোসেন (৪৩) সাতক্ষীরা জেলার কলারোয়া থানার শ্রীপতিপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোমলপুর বাজারে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (Tapentadol Tablets) এবং ৫০ পিস উইনক্রেক্স কফ সিরাপ (Wincrex Cough Syrup) উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের অভিযোগে ‘সাতক্ষীরা-ন ১১-০১০৪’ রেজিস্ট্রেশন নম্বরের পিকআপ ভ্যানটি জব্দ এবং ফারুক হোসেনকে আটক করা হয়।
ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।