মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে সড়কের পাশ থেকে রোমেছা বেগম (৪৯) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে পুলিশ মণিরামপুর-রাজারহাট সড়কের বেগারিতলা বাজারের অদূরে রাস্তার উপর থেকে লাশ উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এরআগে পথচারীর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
নিহত রোমেছা বেগম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নূরুল্লাপুর গ্রামের লুৎফর শেখের স্ত্রী।
মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়েত হোসেন বলেন, সকাল ছয়টার দিকে এক ব্যক্তি রাস্তার পাশে নারীর লাশ পড়ে থাকতে দেখে মোবাইলফোনে আমাদের বিষয়টি জানান। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা পুলিশে হস্তান্তর করেছি।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। সকালে বৃষ্টি হওয়ায় ওই সময় রাস্তায় লোকজন কম ছিল। এজন্য দুর্ঘটনা কীভাবে কিসের সাথে হয়েছে তা জানা যায়নি।
খর্ণিয়া থানা হাইওয়ে পুলিশের এসআই খালিদ বলেন, দীর্ঘদিন ধরে রোমেছা বেগম এলাকাছাড়া। তিনি মণিরামপুর বাজার এলাকায় ঘোরাঘুরি করতেন। সকালে অজ্ঞাত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে তার পরিচয় জানা গেছে। স্বজনদের কেউ না আসায় লাশ মর্গে রাখা হয়েছে।