মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মামুন হোসেন (৩২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার সকালে উপজেলার কুল্লাগাছা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন হোসেন উপজেলার গাঢ়াপোতা গ্রামের বাহাদুর খানের পোষ্য ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে যাত্রীসহ বাড়ি থেকে বের হন মামুন। পথে কুল্লাগাছা মাদরাসার সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক্টর ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে গিয়ে চালক মামুনসহ চারজন গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মামুন হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।