চৌগাছা (যশোর) প্রতিনিধি
মোটরসাইকেল দুর্ঘটনায় সুলেমান (১৬) নামে এক কিশোর নিহত এবং তার সাথে থাকা ফরহাদ (১৭) ও তানজিম (১৪) নামে দুইজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার বিকেল পাঁচটার দিকে যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা- কোটচাঁদপুর সড়কের পাতিবিলা ইউনিয়নের বালুগর্ত এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওইসময় তাদের মোটরসাইকেলের সাথে (যশোর-ল-১৭৭২৮৬) একটি ফলবোঝাই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহত সুলেমান ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের নুর হোসেনের ছেলে। আহত ফরহাদ একই গ্রামের আব্দুল কাদের এবং তানজিম জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে থাকা তিন কিশোর ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে ফলবোঝাই আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুলেমানের মৃত্যু হয়।
অন্য দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
নিহত সুলেমানের লাশ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল।
অপরদিকে, আলম সাধু চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। দুর্ঘটনার পর ওইসড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকলেও চৌগাছা পুলিশসহ ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরে যান চলাচলা স্বাভাবিক হয়।