কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মো. আরাফাত হোসেন নামে এক ব্যক্তি। তিনি উপজেলার দুই নম্বর কয়রা গ্রামের মৃত মোহাম্মদ আলী বাউলিয়ার ছেলে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে আরাফাত হোসেন বলেন, গত ৪ অক্টোবর একই গ্রামের মজিবর শেখের ছেলে বিলাল হোসেন সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বাড়িঘর ভাঙচুরের অভিযোগও সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।
আরাফাত হোসেন বলেন, ‘প্রকৃত ঘটনা হলো, ওই সম্পত্তি আমাদের পৈতৃক ও ক্রয়সূত্রে প্রাপ্ত। আমরা এবং একই এলাকার ছদা গাইনের ছেলে মানিরুজ্জামান দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ওই সম্পত্তি ভোগদখল করে আসছি।’
তিনি আরও বলেন, ওই সম্পত্তিতে তারা নতুন করে দোকানপাট নির্মাণ করেছেন। দোকান নির্মাণের সময় বিলাল হোসেন তাদের কাছে অনৈতিকভাবে অর্থ দাবি করেন। তার দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে বিলাল তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে হয়রানি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরাফাত হোসেন তার বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান।