সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরের নিম্নআয়ের মানুষ ও বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন এবং মৌলিক নগরসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান। গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক নেতা আব্দুস সামাদ, জি এম রেজা, ইটাগাছা বস্তির বাসিন্দা জাহানারা খাতুন, ফিরোজা বেগম ও হাফিজা খাতুন, কাজীপাড়া বস্তির সাহিদা খাতুন এবং বারসিকের কর্মকর্তা গাজী মাহিদা মিজানসহ অন্যরা।
এ সময় কাজীপাড়া বস্তির সাহিদা খাতুন বলেন, ‘আমরা নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে শহরে এসে আশ্রয় নিয়েছি। এই শহরের নোংরা বোতল, পলিথিন, ময়লা ইত্যাদি সংগ্রহ করি। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। কিন্তু আমাদের থাকার জায়গা নেই।’
ইটাগাছা বস্তির জাহানারা বেগম বলেন, ‘আমরা এখানে ভোট দিই। মানুষের বাড়িতে কাজ করি। আমরা কাজ না করলে বা খাবার রান্না না করলে অনেকে খেতে পারেন না। কিন্তু আমাদের সব সময় ঘরবাড়ি ভেঙে দেওয়ার আতঙ্কে থাকতে হয়। আমরা আমাদের বাসস্থান, পানি, স্যানিটেশন এবং সন্তানদের শিক্ষার অধিকার চাই।’
ভূমিহীন নেতা আব্দুস সামাদ বলেন, ‘উন্নয়নের নামে নিম্নআয়ের মানুষকে উচ্ছেদ নয়, তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করতে হবে। নগর পরিকল্পনায় স্থানীয় জলবায়ু বাস্তবতা, তাপঝুঁকি, আবাসন, নাগরিকসেবা, জীবিকা ও পরিবেশগত নিরাপত্তাকে সমন্বিত করার পাশাপাশি নিম্নআয়ের মানুষের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।’
বারসিকের কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান বলেন, ‘নগরের যেসব মানুষ প্রতিদিন নিজেদের শ্রমের মাধ্যমে শহরের বিভিন্ন সেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখেন, তাদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়; এটি একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগর গড়ে তোলার প্রয়োজনীয় শর্ত।’
মানববন্ধন থেকে বস্তিবাসীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করা, উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করা এবং নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ছাড়া বস্তি এলাকায় নিরাপদ পানি, বিদ্যুৎ, স্যানিটেশন, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা; সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা দেওয়া; নিম্নআয়ের মানুষের জন্য সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহজ ও বৈষম্যহীন প্রবেশাধিকার নিশ্চিত করা; বস্তি এলাকায় সবুজায়ন, খোলা জায়গা ও নগর কৃষির সুযোগ বাড়ানো এবং নিম্নআয়ের মানুষের জীবিকা ও কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কার্যক্রমে সহায়তার দাবি জানানো হয়।