স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় আরিফ হোসেন (৩০) নামে এক এক যুবক নিহত হয়েছেন। তিনি পিকআপ ভ্যানটির চালকের সহকারী ছিলেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আরিফ হোসেন বগুড়া জেলার শেরপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপ ভ্যান সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে যশোরের দিকে আসছিল। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপ ভ্যানটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।