স্টাফ রিপোর্টার
, যশোর
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সদস্য নিহত রবিউল ইসলামের পরিবারকে ২০ হাজার টাকা এবং দুর্ঘটনায় আহত শ্রমিক আখতারুজ্জামানকে দশ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে শার্শা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ১১টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ নিহত শ্রমিকের স্বজন এবং আহত শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
জানা যায়, বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোডের কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি. ৯২৫)-এর সদস্য রবিউল ইসলাম ও আখতারুজ্জামান। এতে রবিউল ইসলাম নিহত এবং আখতারুজ্জামান গুরুতর আহত হন।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. শহিদ আলী।
শ্রমিক ইউনিয়নের নেতারা নিহত রবিউল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত আখতারুজ্জামানের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।