মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ-ইনের বিএসএফের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
শুক্রবার (৯ অক্টোবর) ভোর আনুমানিক ৩টার দিকে গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তের ১৪৪/৪-এস নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। পুশ-ইনের শিকার চারজনের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি এবং টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিএসএফের পুশ-ইনের চেষ্টা শনাক্ত হয়।
পরে শেওড়াতলা বিওপির বিজিবি সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই চেষ্টা প্রতিহত করেন।
ঘটনার পর বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে সকাল আনুমানিক ৬টার দিকে ১০৪ নম্বর গেট দিয়ে বিএসএফ সদস্যরা ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।
বিশেষ সূত্রে জানা গেছে, তারা বর্তমানে বিজয় মাঠপাড়া বিএসএফ ক্যাম্পে অবস্থান করছেন।
শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের অবৈধ পুশ-ইনের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।