মাগুরা প্রতিনিধি
মাগুরায় অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন ৭৫ ব্যক্তির মাঝে মোট সাড়ে সাত লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেছে জাতীয় সমাজকল্যাণ পরিষদ। এতে প্রত্যেক উপকারভোগী দশ হাজার টাকা করে অনুদান পেয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার, জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন এবং মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন।
এছাড়া মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান, সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুব উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, জাতীয় সমাজকল্যাণ পরিষদের এই অনুদান অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের আর্থিক সংকট মোকাবিলায় কিছুটা সহায়তা করবে।