যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনা জেলা প্রশাসনের আইসিটি কেন্দ্রে আগুন, পুড়েছে সরঞ্জাম

খুলনা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৮:২৭ পিএম
খুলনা জেলা প্রশাসনের আইসিটি কেন্দ্রে আগুন, পুড়েছে সরঞ্জাম

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় জেলা আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনায় কক্ষের এসি, ফ্যান, ব্যাটারি, আসবাবসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জেলা আইসিটি কেন্দ্রের একটি কক্ষে আগুন ও ঘন ধোঁয়া দেখতে পান।

কক্ষটি তালাবদ্ধ থাকায় দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করেন তারা। এরপর আগুন নেভানোর কাজ শুরু করেন।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে পুনরায় আগুন লাগার আশঙ্কা এড়াতে কক্ষের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।

অগ্নিকাণ্ডে কক্ষের এসি, ফ্যান, ব্যাটারি, আসবাব ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণে ভবনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।

তবে জেলা প্রশাসকের কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র বা মূল্যবান কোনো সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনার সহকারী পরিচালক মাসুদ সরদার জানান, আগুনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

বৈদ্যুতিক শর্টসার্কিট, মশার কয়েল কিংবা অন্য কোনো উৎস থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা তদন্ত করে দেখতে হবে।

অগ্নিকাণ্ডের সময় কক্ষের ভেতরে কেউ ছিলেন কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জেলা প্রশাসক হুরে জান্নাত জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)