মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার মাগুরা-ফরিদপুর মহাসড়কের বেলনগর ঠাকুরবাড়ি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মিজানুর রহমান নামের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত আব্দুল্লাহ শেখ সদর উপজেলার বেলনগর গ্রামের বাকি শেখের ছেলে।
আহত মিজানুর রহমান কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সদরপুর গ্রামের আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে বেলনগর ঠাকুরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ব্যক্তিরা জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান আরোহী আব্দুল্লাহ শেখকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে আহত মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো (রেফার) হয়েছে।
রামনগর হাইওয়ে থানার সার্জেন্ট গৌরব চক্রবর্তী জানান, বেলনগর ঠাকুরবাড়ি এলাকায় সকাল ৮টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল্লাহ শেখ নামের এক আরোহী হাসপাতালে নেওয়ার পর মারা যান। দুর্ঘটনায় আহত মিজানুর রহমান প্রথমে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।