অভয়নগর (যশোর) প্রতিনিধি
হিফজুল কুরআন প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে যশোরের অভয়নগর উপজেলার শিশু শিক্ষার্থী আব্দুল্লাহ আশরাফী। ‘হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’ আয়োজিত এই প্রতিযোগিতায় পাঁচ পারা গ্রুপে সাফল্য অর্জন করে সে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
আব্দুল্লাহ অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার সংলগ্ন ‘ইশাআতুস সুন্নাহ আল ইসলামিয়া মাদরাসা’র হিফজ বিভাগের ছাত্র। সে রুখালী গ্রামের আকরাম হোসেনের ছেলে।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব নাজমুল হক খোকন জানান, আব্দুল্লাহ আশরাফী প্রথমে উপজেলা পর্যায়ে এবং পরে যশোর জেলা পর্যায়ে বিজয়ী হয়। এই ধারাবাহিক সাফল্যের পথ ধরেই সে বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে।
আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় খুলনা বিভাগ থেকে আব্দুল্লাহ আশরাফীসহ মোট সাতজন প্রতিযোগী অংশ নেবে। আব্দুল্লাহর এই সাফল্যে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী আনন্দিত।