অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর ও নওয়াপাড়া পৌর এলাকায় ভুয়া ও নিবন্ধনহীন অনলাইন পোর্টাল, ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইলিং বন্ধের দাবিতে প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অভয়নগর ইনসপেক্টরের (তদন্ত) কাছে পৃথকভাবে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
একই সঙ্গে উপজেলা প্রশাসন ও থানার মাধ্যমে যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরও স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে অভয়নগর ও নওয়াপাড়া এলাকায় কিছু নামধারী ও নিবন্ধনহীন তথাকথিত অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কোনো তথ্যপ্রমাণ ছাড়াই সম্পূর্ণ মনগড়া, মানহীন ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে। এমনকি আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি অপব্যবহার করে ফেক অডিও-ভিডিও তৈরির মাধ্যমে স্থানীয় মূলধারার সাংবাদিক, প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিদের সামাজিকভাবে হেনস্তা ও ব্ল্যাকমেইল করা হচ্ছে।
এই চক্রের অনেকের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকারও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
অতি সম্প্রতি এই কুচক্রী মহলটি ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্ন করতেও পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে।
এ ধরনের অপতৎপরতা বন্ধ এবং অপসাংবাদিকতায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, জ্যেষ্ঠ সহসভাপতি মোজাফ্ফার আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সদস্য হারুন অর রশীদ, সহসভাপতি খায়রুল বাসার, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, সহসম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন প্রমুখ।