ঝিনাইদহ প্রতিনিধি
পিরোজপুরে ‘মুক্তিযোদ্ধা’ মানিক পশারীর ‘গার্ড অব অনার, জানাজা ও দাফনে বাধা দেওয়ার’ প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জ ও শৈলকুপায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শৈলকুপা উপজেলা শাখার উদ্যোগে শৈলকুপা কবিরপুর মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সময়ে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে আরেকটি মানববন্ধনের আয়োজন করা হয়।
কালীগঞ্জে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন, রইচ উদ্দিন ও সফর আলীসহ অন্যান্যরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মানববন্ধনে মুক্তিযোদ্ধারা বলেন, যে বীর মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা অর্জনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের যথাযথ সামাজিক মর্যাদা ও রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত। স্বাধীন দেশে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা ‘মুক্তিযোদ্ধা’ মানিক পশারী গত ২৪ অক্টোবর মৃত্যুবরণ করেন। অভিযোগ করা হয়, তার মৃত্যুর পর জানাজা ও দাফন-কাফনে বাধা দেওয়া হয়। পরবর্তীতে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।