ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে নারী, যুব ও কৃষক জনগোষ্ঠীর চাহিদা, সম্ভাবনা, বিদ্যমান সুযোগ-সুবিধা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এ সভার আয়োজন করে বলিদাপাড়ার ‘বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থা’।
সভায় সভাপতিত্ব করেন বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম রনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. রাসেল আহমেদ ও সমবায় অফিসের পরিদর্শক শান্তি বিশ্বাস। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে নারী, যুব ও কৃষক জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা সরাসরি তুলে ধরেন। এসব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মাঠপর্যায়ের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা এবং অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী, যুব ও কৃষক প্রতিনিধি এবং স্থানীয় এনজিওর কর্মকর্তারা অংশ নেন।