ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছার পানিসারা-গদখালীর ফুল পর্যটনকেন্দ্রে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পানিসারা হাড়িয়া ফুল মোড়ে ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে আয়োজিত জন সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এম. সাইফুল্লাহ।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুস সাত্তার, নাভারণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মিন্নু, গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তবিবর রহমান, পানিসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার আবুল খায়ের, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মনজুরুল হক, গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুর রহিম প্রমুখ।
সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ফুলচাষি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।