সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগরে আগুনে দগ্ধ শিশু—
ছবি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর আলাউদ্দিন মার্কেটে নৌপুলিশের অভিযানে জব্দ করা তাস পোড়ানোর সময় আহাদ (৪) নামে এক শিশু দগ্ধ হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলাউদ্দিন মার্কেটে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসে। খবর পেয়ে বুড়িগোয়ালিনী নৌ থানার একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের পর ঘটনাস্থল থেকে তাস, বসার পলিথিন ও বস্তা জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দ করা মালামাল পুড়িয়ে দেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আগুন পুরোপুরি না নিভিয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। এরপর শিশুরা সেখানে খেলতে গিয়ে লাঠি দিয়ে আগুন খোঁচাতে থাকে। একপর্যায়ে লাঠির মাথায় থাকা পলিথিনসহ কাগজ আহাদের বাম হাতে জড়িয়ে যায়। এতে তার হাত মারাত্মকভাবে দগ্ধ হয়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী নৌ থানার ওসি মো. ওলিউজ্জামান আকবর বলেন, অভিযান শেষে আগুন নিভিয়েই পুলিশ ঘটনাস্থল ত্যাগ করেছে। শিশুরা পরে খোঁচাখুঁচি করায় এ দুর্ঘটনা ঘটে।