স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেলা আইনজীবী সমিতি নিজস্ব ওয়েবসাইট চালুর মধ্য দিয়ে ডিজিটাল ব্যবস্থাপনায় প্রবেশ করলো। সমিতির তথ্য ও কার্যক্রম এখন অনলাইনে পাওয়া যাবে। পাশাপাশি পূর্ণাঙ্গ অটোমেশন ও মেম্বার পোর্টালও চালু করা হয়েছে।
এর মাধ্যমে ওকালতনামা, সদস্য চাঁদা, কল্যাণ তহবিলে প্রদেয় অর্থ, চেম্বার ভাড়া ও বিদ্যুৎ বিল অনলাইনে পরিশোধ, রশিদ ডাউনলোড ও লাইব্রেরি ব্যবস্থাপনার সেবা পাওয়া যাবে। মোবাইল অ্যাপের মাধ্যমেও সেবা নেওয়া যাবে।
সংশ্লিষ্টদের দাবি, এ উদ্যোগের মধ্য দিয়ে যশোর জেলা আইনজীবী সমিতি দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটালাইজড আইনজীবী সমিতি হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
রবিবার (১৫ নভেম্বর) যশোর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করেন সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এএইচ সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক এমএ গফুর, ওয়েবসাইট তৈরি কমিটির আহ্বায়ক বাসুদেব বিশ্বাস প্রমুখ।
সমিতির নতুন ওয়েবসাইটের ঠিকানা www.jashorebda.org.bd । এই ওয়েবসাইটে প্রবেশ করলে সমিতির পরিচিতি, ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। ফলে এসব তথ্য জানতে আর সরাসরি কার্যালয়ে যেতে হবে না।
ডিজিটালাইজেশনের একটি গুরুত্বপূর্ণ দিক সমিতির আর্থিক ব্যবস্থাপনায় পরিবর্তন। এতদিন সমিতির বিভিন্ন ফি ও অর্থ নগদে নেওয়ার যে ব্যবস্থা ছিল, তা থেকে সরে এলো সংগঠনটি। নতুন ব্যবস্থায় নির্ধারিত অর্থ সরাসরি ব্যাংক হিসাবে জমা হবে। এতে নগদ অর্থ গ্রহণ ও সংরক্ষণের ঝামেলা কমবে। প্রতিটি লেনদেন ব্যাংকিং ব্যবস্থার আওতায় আসায় আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও হিসাব সংরক্ষণ সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, যশোর জেলা আইনজীবী সমিতির দীর্ঘদিনের ইতিহাস ও গৌরবময় ঐতিহ্য রয়েছে। এ অঞ্চলের বিচারব্যবস্থা, আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার রক্ষার আন্দোলনে আইনজীবীরা ঐতিহাসিক ভূমিকা রেখে আসছেন।
এই সমিতির সদস্য ছিলেন উপমহাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব রায়বাহাদুর যদুনাথ মজুমদার, মাইকেল মধুসূদন দত্ত ও খান বাহাদুর লুৎফর রহমান। প্রজন্মের পর প্রজন্ম ধরে বহু খ্যাতিমান আইনজীবী এ সমিতির সঙ্গে যুক্ত থেকে বিচারাঙ্গন ও সমাজে অবদান রেখেছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, ডিজিটাল ব্যবস্থার ফলে আইনজীবী সদস্যরা সহজে প্রয়োজনীয় তথ্য ও সেবা পাবেন। পাশাপাশি সমিতির ইতিহাস ও ঐতিহ্য অনলাইনে সংরক্ষিত থাকবে।