মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও চলাফেরায় অক্ষমতার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
রবিবার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার ঝিটকেপোতা গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রফিকুল ওই গ্রামের মৃত মাওলা বক্সের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গাছ কাটা শ্রমিক হিসেবে কাজ করতেন রফিকুল। দুই-তিন বছর আগে গাছ থেকে পড়ে কোমরসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান তিনি। এরপর থেকে হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারতেন না।
শনিবার রাতে খাবার খেয়ে তিনি নিজের ঘরে ঘুমাতে যান। রবিবার ভোরে কোনো সাড়াশব্দ না পেয়ে স্ত্রী ঘরে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের ধারণা, দীর্ঘদিনের শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
খবর পেয়ে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে বলে মত দিয়েছে পুলিশ।