অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামে চন্দনগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউসুফ হাওলাদারের বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান।
এলাকাবাসী জানায়, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারীকে কয়েকদিন ধরে ধুলগ্রাম এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। ঘটনার দিন সকালে চন্দনগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাঁশবাগানেও তাকে দেখা যায়। কিন্তু কখন কীভাবে গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যার’ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
স্থানীয় ইউপি সদস্য ও ধুলগ্রামের বাসিন্দা বাবুল সরদার জানান, সকাল ১০টার দিকে প্রতিবেশী ইউসুফের বাঁশবাগানে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় এক নারীর লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। দুপুরের দিকে আমতলা ক্যাম্পের পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এসএম নুরুজ্জামান বলেন, গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাঁশবাগান থেকে আনুমানিক ৩৫ বছর বয়সি অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুনেছি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে।