যশোর, বাংলাদেশ || রবিবার, ৩১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, দুই কিশোর আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৩১ মে,২০২৬, ১১:৩৮ এ এম
আপডেট : রবিবার, ৩১ মে,২০২৬, ০২:১০ পিএম
শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, দুই কিশোর আটক

সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আনছার আলী মোড়ল (৯২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাতটার দিকে শ্যামনগর-কাশিমাড়ী সড়কের শংকরকাটি জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনছার আলী কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি গ্রামের মৃত একিম আলী মোড়লের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলসহ দুই কিশোরকে আটক করেছে পুলিশ। তারা হলেন, কাশিমাড়ী ইউনিয়নের শহীদুল্লাহর ছেলে সোহেল রানা বাবু (১৭) ও আবদুল হামিদের ছেলে সেলিম হোসেন (১৭)।

নিহতের ছেলে নূর হোসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজ আদায় শেষে স্থানীয় বাজারের একটি দোকানে চা পান করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আনছার আলী। পথে শ্যামনগর সদর থেকে কাশিমাড়ীগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে পথেই তার মৃত্যুর খবর পাওয়া যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া ও সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেলসহ দুই কিশোরকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)