কুষ্টিয়া প্রতিনিধি
শিশু ধর্ষণের অভিযোগে কুষ্টিয়া শহরের মিলপাড়ায় আসাদুল (৪২) নামে এক যুবককে সংঘবদ্ধ মারপিট করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। রোববার (০৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার ১০ নং ওয়ার্ড চরমিলপাড়ায় এ ঘটনা ঘটে।
আসাদুলের বিরুদ্ধে ৮ বছর বয়সী এক শিশু কন্যাকে পাশবিক নির্যাতন করার অভিযোগ করে স্থানীয়রা।
নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী দুপুরের দিকে ওই যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে দলবদ্ধভাবে মারপিট করে। সংবাদ পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মুমুর্ষ অবস্থায় আসাদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত যুবক আসাদুল স্থানীয় বাসিন্দা ফজলু সর্দারের ছেলে বলে পুলিশ জানায়।
ঘটনার শিকার গুরুতর আহত শিশু কন্যাকেও উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা দেয়াসহ ডাক্তারি পরিক্ষাও সম্পন্ন হয়েছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা: ইকবাল হাসান।
প্রাথমিকভাবে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে রিপোর্ট হাতে পেলে নিশ্চিত করে বলা যাবে বলেও জানান ওই চিকিৎসক।

এলাকাবাসী জানায়, রবিবার বেলা ১১টায় খাবারের লোভ দেখিয়ে ডেকে আশাদুল শিশুটিকে স্থানীয় একটি স্কুল কক্ষের মধ্যে নিয়ে যান। এসময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আশাদুলকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে একযোগে পিটুনি দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি কবীর হোসেন মাতুব্বর বলেন, 'রবিবার দুপুরে শহরের চরমিলপাড়া এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দেওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় আসাদুল নামের এক ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সাথে হাসপাতালে ভর্তি আহত শিশুর পরিবার এবং চিকিৎসকের সাথে কথা বলে খোঁজখবর নিচ্ছে পুলিশ। ঘটনার জেরে সৃষ্ট জনরোষ ঠেকাতে হাসপাতালসহ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া এবং তদন্ত শুরু করেছে পুলিশ।