মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে ফুটবল খেলার সময় বজ্রপাতে আলী হোসেন নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে পুরাতন মটমুড়া গ্রামের একটি মাঠে এই ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন পুরাতন মটমুড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর ছেলে। সে বাওট সোলাইমানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পুরাতন মটমুড়া গ্রামের একটি মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল আলী হোসেন। খেলা চলাকালীন গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে আলী হোসেন গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে।
পরে উপস্থিত বন্ধুরা ও স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বজ্রপাতে স্কুলছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। একসাথে মাঠের খেলার সাথী ও মেধাবী শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।