হরিণাকুন্ডু উপজেলায় পানের বরজে কাজ করার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল ইসলাম উপজেলার চটকাবাড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আকাশে মেঘ জমলেও আজিজুল ইসলাম নিজের পানের বরজে কাজ করছিলেন। হঠাৎ করে হালকা বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের কৃষকরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে মৃত অবস্থায় তাকে বাড়িতে নিয়ে যায়।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।