কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বুধবার (১০ জুন) দুপুরে তিনি গুদামে গিয়ে চলমান ধান-চাল সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থা এবং গুদামের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকভাবে খাদ্যশস্য সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি সরকারি সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম না হওয়ার বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন। এসময় তিনি গুদামে খাদ্যশস্যের মজুদ পরিস্থিতি এবং সংরক্ষণের মান পর্যালোচনা করেন। খাদ্য পরিদর্শক ও এলএসডি কর্মকর্তা মোহাম্মাদ বায়জীদ হোসাইন গুদামের বর্তমান কার্যক্রম সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন।
সংসদ সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকারের খাদ্য সংগ্রহ কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা। এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অবহেলার সুযোগ নেই। অনিয়ম কোনভাবে বরদাস্ত করা হবে না।’
তিনি খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাতুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান, কালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু প্রমুখ।