স্টাফ রিপোর্টার
, যশোর
ঐতিহাসিক ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় সভায় বক্তারা কালো দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। তিনি বলেন, "ইতিহাসের বিভিন্ন সংকটময় সময়ে সাংবাদিকরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।"
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি, গবেষক ও সাংবাদিক বেনজীন খান। তিনি বলেন, "গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। শোষকরা সবসময়ই বিভিন্ন কৌশলে সংবাদকর্মীদের কণ্ঠরোধের চেষ্টা করে। ফলে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে, মতপ্রকাশের স্বাধীনতার আন্দোলন কোনো নির্দিষ্ট দিনের নয়, এটি আমাদের প্রতিদিনের লড়াই।"
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, বর্তমান সহ-সভাপতি বিএম আসাদ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফ, সাইফুল ইসলাম সজল, সরোয়ার হোসেন, কাজী আশরাফুল আজাদ, সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল্লাহ হোসাইন ও তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
বক্তারা বলেন, কালো দিবস শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনটি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং স্বাধীন সাংবাদিকতার চর্চাকে আরও শক্তিশালী করার প্রেরণা জোগায়। এ সময় তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত আলোচনা সভায় সাংবাদিক ইউনিয়ন যশোরের অন্যান্য নেতৃবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ, প্রেসক্লাবের সদস্য এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।